গত শনিবার রাতে ওয়াশিংটনের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির প্রাথমিক শুনানি শুরু হয়েছে। ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামক ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি শনিবারের অনুষ্ঠানের নিরাপত্তাবেষ্টনী ভেঙে শটগান, পিস্তল এবং ছুরি নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন। সেই সময় ওয়াশিংটন হিলটন হোটেলের অন্য একটি তলায় সস্ত্রীক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো গত সপ্তাহান্তে জানিয়েছেন, অ্যালেনের বিরুদ্ধে দুটি প্রধান অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে একটি হলো প্রাণঘাতী অস্ত্র দিয়ে ফেডারেল অফিসারকে আক্রমণ করা। শনিবার রাতের সেই গোলাগুলির ঘটনায় একজন ফেডারেল অফিসারের বুলেপ্রুফ ভেস্টে গুলি লাগে। সৌভাগ্যবশত তিনি গুরুতর আহত হননি এবং ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
তদন্তকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যালেন পেশায় একজন খণ্ডকালীন টিউটর এবং তিনি ট্রেনে করে ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন।
তদন্তকারীরা অ্যালেনের পাঠানো একটি নথি উদ্ধার করেছেন, যা তিনি শনিবার তার পরিবারের সদস্যদের পাঠিয়েছিলেন। সেখানে তিনি বর্তমান প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি হোটেলের নিরাপত্তাব্যবস্থার শিথিলতা নিয়ে সিক্রেট সার্ভিসকে উপহাস করেছিলেন। ওই বার্তায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে, তিনি তার এই কাজের জন্য কারও কাছে ‘ক্ষমা প্রত্যাশা করেন না’।
এই চাঞ্চল্যকর হামলার চেষ্টার ঘটনায় নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সূত্র: সিএনএন

