কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারের

0
কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারের

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। গলার সমস্যায় আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না এই নির্মাতা। জানা গেছে, গলায় অপ্রত্যাশিত তীব্র অস্বস্তিবোধ করলে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার কথা নিজেই জানান নির্মাতা অমি। বর্তমানে ৭ দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। একদমই কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অমি লিখেছেন, গত কয়েকদিন ধরে দাঁতের সমস্যার কারণে আমি কিছুটা অসুস্থ বোধ করছিলাম। আমার চিকিৎসা চলছিল এবং আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছিলাম। ঠিকমতো বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি এবং এর মধ্যেই আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শুরু করে দিই। কিন্তু আজ শুটিং চলাকালীন অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটল।

তিনি লিখেছেন, হঠাৎ করেই আমি গলায় তীব্র অস্বস্তি অনুভব করতে থাকি। আমার কণ্ঠস্বর আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করে এবং আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটি একটি আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল, সেখানে হঠাৎ করেই আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না…

তিনি আরও লিখেছেন, আমাদের শুটিং প্যাক-আপ (বন্ধ) করতে হলো এবং আমি হাসপাতালে গেলাম। ডাক্তাররা আমার গলায় একটি সিস্ট পেয়েছেন এবং আমাকে আগামী ৭ দিনের জন্য সম্পূর্ণ ‘ভয়েস রেস্ট’ বা কথা না বলে একদম শান্ত থাকার পরামর্শ দিয়েছেন— কোনোভাবেই কথা বলা যাবে না। যদি এর মধ্যে অবস্থার উন্নতি না হয়, তবে অস্ত্রোপচার বা সার্জারির প্রয়োজন হতে পারে।

সবশেষে অমি লিখেছেন, আমি আসলে বুঝতে পারছি না কী ঘটছে… পুরো বিষয়টি বেশ ট্রমাটিক (মানসিকভাবে বিপর্যয়কর) মনে হচ্ছে। আমি একজন কাজপাগল মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি করে এপিসোড রিলিজ করি। আমি আশা করি যেন সেটা চালিয়ে যেতে পারি। আমার শুধু আপনাদের দোয়া ও প্রার্থনা প্রয়োজন। আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here