কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’র উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৪ জুন) দিনব্যাপী কটিয়াদী সরকারি কলেজ চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম।
এ সময় সংগঠনের সদস্য শাহরিয়ার হোসেন রিপন, জুয়েল আহমেদ, রফিকুল ইসলাম বাপ্পী, কাওসার আহমেদ, সাব্বির হোসেন রিয়াদ, বৃষ্টি আক্তার, রাদিন, রাজিব, বিজয়, নিশাদ, ইমরান, হুমায়ুন, আহাদ, সাকিব, রাতুল, তায়েফ ও পিয়াসসহ অনেকে উপস্থিত ছিলেন।
বদরুল আলম নাঈম বিশ্ব রক্তদাতা দিবসে সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানবতার সেবায় নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদ বলেন, নিরাপদ রক্তের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত রক্তদাতাদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন রক্তদাতা তৈরির লক্ষ্যে গ্রামে গ্রামে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
কর্মসূচিতে প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া ১৫০ জন রক্তদাতার মাঝে একটি করে টি-শার্ট ও কলম বিতরণ করা হয়।

