ওয়াইকাটোতে ‘ডব্লিউবিএস’-র বর্ণাঢ্য বৈশাখী উৎসব উদযাপন

0
ওয়াইকাটোতে ‘ডব্লিউবিএস’-র বর্ণাঢ্য বৈশাখী উৎসব উদযাপন

নিউজিল্যান্ডের ওয়াইকাটো অঞ্চলে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ওয়াইকাটো বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) বাংলা নববর্ষকে বরণ করে নিতে আয়োজিত এই উৎসব প্রবাসে বাঙালি সংস্কৃতির প্রাণবন্ত এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশের অতিথিদের উপস্থিতি উৎসবকে আরও বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক মাত্রা দেয়। বাঙালি ঐতিহ্যের সঙ্গে বহুসাংস্কৃতিক সম্প্রীতির এই মেলবন্ধন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

উৎসবজুড়ে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, প্রাণবন্ত ফ্যাশন শো এবং সঙ্গীতানুষ্ঠান। বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন শো, যেখানে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে র‍্যাম্পে অংশ নেন। এতে ফুটে ওঠে সংস্কৃতির সৌন্দর্য, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।

এছাড়া নবগঠিত ব্যান্ড ‘টোকা’-এর প্রথম পরিবেশনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। তরুণ শিল্পীদের এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

বৈশাখী উৎসবের এই আয়োজনে শুধু নতুন বছরকে স্বাগত জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বরং এটি ছিল বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবাসে বহুসাংস্কৃতিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি সফল প্রচেষ্টা।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিল্পী, স্বেচ্ছাসেবক এবং অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজকদের মতে, সবার সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এই বর্ণাঢ্য আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here