ওবাইটোরি : শিশুদের বেড়ে ওঠায় এক সুন্দর ভাবনা

0
ওবাইটোরি : শিশুদের বেড়ে ওঠায় এক সুন্দর ভাবনা

জাপানি দর্শনের একটি সুন্দর ও ইতিবাচক ধারণা হলো ওবাইটোরি। শিশুদের মানসিক ও ব্যক্তিগত বিকাশে এই ভাবনাটি খুবই কার্যকর বলে মনে করা হয়। জাপানি ভাষায় ওবাই মানে চেরি ও বরই ফুল, আর তো-রি মানে পীচ ও নাশপাতি। এই চারটি গাছ ও ফুল আলাদা সময়ে, আলাদা ভাবে ফোটে এবং প্রত্যেকটির সৌন্দর্যও ভিন্ন।

এখান থেকেই এসেছে ওবাইটোরি ধারণা। এর মূল কথা একটাই- তুলনা নয়, নিজের মতো করে বেড়ে ওঠাই আসল সাফল্য।

ওবাইটোরি আমাদের কী শেখায়?

ওবাইটোরি মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষ আলাদা। তার দক্ষতা, গুণ ও প্রতিভাও আলাদা। কাউকে অন্যের সঙ্গে তুলনা করা মানে তার নিজস্ব পরিচয়কে অস্বীকার করা। জাপানে এই দর্শনটি শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশে এটি অত্যন্ত প্রাসঙ্গিক।

শিশুদের বিকাশে ওবাইটোরির ভূমিকা

১। আত্মবিশ্বাস বাড়ায়

শিশুকে বারবার অন্যদের সঙ্গে তুলনা করলে তার আত্মবিশ্বাস কমে যায়। সে নিজেকে ছোট ভাবতে শেখে। কিন্তু ওবাইটোরি শেখায়—‘তুমি যেমন, সেটাই যথেষ্ট’। এতে শিশু নিজের শক্তি ও দুর্বলতা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে এবং আত্মবিশ্বাস গড়ে ওঠে।

২। মানসিক চাপ কমায়

পড়াশোনা, খেলাধুলা বা অন্য কাজে অতিরিক্ত তুলনা শিশুর মধ্যে ভয়, দুশ্চিন্তা ও হীনম্মন্যতা তৈরি করে। ওবাইটোরি শেখায়—সবাই এক গতিতে এগোয় না। এতে শিশুর মানসিক চাপ কমে এবং সে নিজের পথে এগোনোর সুযোগ পায়।

৩। শেখার আগ্রহ বাড়ায়

তুলনার ভয় না থাকলে শিশু ভুল করতে ভয় পায় না। ভুল থেকেই শেখার মানসিকতা তৈরি হয়। ফলে শেখা হয়ে ওঠে আনন্দের, প্রতিযোগিতার নয়।

৪। সৃজনশীলতা বিকশিত করে

প্রতিটি শিশুর আগ্রহ আলাদা- কেউ আঁকতে ভালোবাসে, কেউ গান, কেউ খেলাধুলা বা অঙ্কে। ওবাইটোরি এই ভিন্নতাকে সম্মান করে, যা শিশুর সৃজনশীলতা ও নিজস্ব পরিচয় গড়ে তুলতে সাহায্য করে।

৫। সহানুভূতি শেখায়

নিজের পথকে সম্মান করতে শেখা মানেই অন্যের পথকে ছোট করে দেখা নয়। ওবাইটোরি শিশুদের শেখায় ঈর্ষা নয়, বরং অন্যের সাফল্যে আনন্দিত হতে এবং সবাইকে সম্মান করে চলতে।

দৈনন্দিন জীবনে কিভাবে ওবাইটোরি প্রয়োগ করবেন?

এই দর্শনটি সবচেয়ে বেশি দরকার অভিভাবক ও শিক্ষকদের জন্য। কারণ শিশুরা কাঁচা মাটির মতো- যেভাবে গড়বেন, সেভাবেই বড় হবে। তাই ‘তুমি পিছিয়ে’ বা ‘ও এগিয়ে’ না বলে শিশুর চেষ্টা ও উন্নতিকে গুরুত্ব দিন। অন্যরা কী করছে নয়, বরং আপনার সন্তান কী শিখছে- সেদিকে নজর দিন। এতে শিশুর মানসিক বিকাশ হবে আরও সুন্দর ও সুস্থ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here