এমসিসির নেতৃত্বে পরিবর্তন, প্রেসিডেন্ট হচ্ছেন মেথারাল

0
এমসিসির নেতৃত্বে পরিবর্তন, প্রেসিডেন্ট হচ্ছেন মেথারাল

চার দশকের সদস‍্য জুলিয়ান মেথারালকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব- এমসিসি। আগামী অক্টোবরে এড স্মিথের স্থলাভিষিক্ত হবেন বর্তমানে লন্ডন স্পিরিটের চেয়ারম‍্যান হিসেবে কাজ করা মেথারাল।

৪০ বছর ধরে এমসিসির সদস‍্য মেথারালের ক‍্যারিয়ার আর্থিক খাতে। ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম‍্যান স্যাকসের অংশীদার ছিলেন তিনি। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাজ‍্যের বিনিয়োগ ব‍্যাংকিং বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি।

এনার্জি কোম্পানি জেনারেল এনার্জির প্রতিষ্ঠাতা ও প্রধান আর্থিক কর্মকর্তাও মেথারাল। একই সঙ্গে ক‍্যামব্রিজ বিশ্ববিদ‍্যালয়ের জাজ বিজনেস স্কুলের উপদেষ্টা বোর্ডের চেয়ারম‍্যান তিনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএ’র নন-এক্সিকিউটিভ চেয়ারম‍্যান ছিলেন তিনি।

২০২৫ সালে হান্ড্রেডের ইক‍্যুইটি বিক্রির ব‍্যাপারটি দেখাশোনা করেন মেথারাল। প্রায় ১৪ কোটি ৪০ লাখ পাউন্ডের বিনিময়ে লন্ডন স্পিরিটের ৪৯ শতাংশ মালিকানা কিনে নেন পাওলো আল্টো সিইও নিকেশ আরোরা। এতে প্রতিযোগিতাটির সবচেয়ে ধনী ফ্র‍্যাঞ্চাইজিতে পরিণত হয় লন্ডন স্পিরিট। 

ইসিবি গত ১ অক্টোবর নতুন মালিককে মালিকানা বুঝিয়ে দিলে এর চেয়ারম‍্যান হন মেথারাল। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন আগামী বছর অস্ট্রেলিয়ার পুরুষ ও নারী দলের বিপক্ষে অ‍্যাশেজ সিরিজের টেস্ট হবে লর্ডসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here