এবার হাতাহাতিতে জড়ালেন রিয়ালের চুয়ামেনি ও ভালভার্দে

0
এবার হাতাহাতিতে জড়ালেন রিয়ালের চুয়ামেনি ও ভালভার্দে

বেশ অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এমনিতেই ট্রফিলেস সিজন কাটাতে যাচ্ছে গ্যালাকটিকোসরা, এমন মধ্যেই রিয়াল শিবির বেশ উত্তাল। শুরুতে রক্ষণভাগেই দুই তারকা অ্যান্তোনিও রুডিগার ও কারেরাসের হাতাহাতির খবর সামনে আসে। এরপর বিবাদে জড়িয়েছেন মাঝমাঠের দুই কান্ডারি চুয়েমেনি ও ফেদেরিকো ভালভার্দে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর, অনুশীলনের সময় উত্তপ্ত বাক্যবিনিময় থেকে হাতাহাতিতে জড়িয়েছেন এই দুই মিডফিল্ডার।

রিয়ালের অনুশীলন সেশনে ঘটনার শুরু। সাধারণ একটি ফাউলকে কেন্দ্র করে তর্কে জড়ান ভালভার্দে ও চুয়ামেনি। অনুশীলনের সময় পরিস্থিতির এতটাই অবনতি ঘটে যে তারা একে অন্যকে ধাক্কাধাক্কি শুরু করেন। বিষয়টি লকার রুম পর্যন্ত গড়ায়। সতীর্থরা তাদের সরিয়ে নিলেও দলের ভেতরের বিষাক্ত পরিবেশ এখন ওপেন সিক্রেট।

সম্প্রতি অনুশীলনের সময় আন্তোনিও রুডিগার ও আলভারো কারেরাসসের হাতাহাতির খবর বের হয়। গুঞ্জন উঠেছিল, কারেরাসকে থাপ্পড় মেরেছেন রুডিগার। জার্মানির এই তারকার নাম সরাসরি উল্লেখ না করলেও মঙ্গলবার কারেরাস স্বীকার করেছেন, এক সতীর্থের সঙ্গে ঝামেলার ঘটনা ঘটেছিল।

দলের অস্থিরতায় নতুন মাত্রা যোগ হয়েছে কিলিয়ান এমবাপের আচরণ। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, বর্তমানে অসন্তুষ্ট এবং খিটখিটে মেজাজে আছেন এমবাপে। জাবি আলোনসোকে বরখাস্ত করার ঘটনায় এখনও ক্ষুব্ধ তিনি।

এমবাপের আচরণে নাকি খুশি নন রিয়ালের অন্য তারকারা। এই সপ্তাহের শুরুতে এমবাপের নেওয়া বিরতি নিয়ে দলের ভেতর অসন্তোষ রয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, অনেক খেলোয়াড় একে অন্যের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছেন। 

দলের এই অস্থিরতার মধ্যেই রবিবার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেলেই লা লিগার শিরোপা নিশ্চিত করবে কাতালানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here