এবার সিনেমায় পা রাখছেন বিলি আইলিশ

0
এবার সিনেমায় পা রাখছেন বিলি আইলিশ

পপ তারকা বিলি আইলিশকে সবাই দেখতে অভ্যস্ত মঞ্চে গান-সুরের সঙ্গে, এবার এই তারকাশিল্পী আসছেন বড় পর্দায়।

বিনোদন প্ল্যাটফর্ম ডেডলাইন জানিয়েছে, অ্যামেরিকান লেখিকা সিল্ভিয়া প্লাথের উপন্যাস ‘দ্য বেল জার’ অবলম্বনে তৈরি হতে যাওয়া সিনেমায় দেখা যাবে আইলিশকে। সিনেমাটি পরিচালনা করবেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী পরিচালক সারাহ পলি। পলি ২০২২ সালে ‘উইমেন টকিং’ সিনেমার জন্য সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জেতেন।

১৯৬৩ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য বেল জার’ এর কেন্দ্রীয় চরিত্র এস্থার গ্রিনউডের ভূমিকায় দেখা যাবে আইলিশকে। একই উপন্যাস অবলম্বনে ১৯৭৭ সালে একটি সিনেমা তৈরি হয় যেখানে মূল চরিত্রে অভিনয় করেন ম্যারিলিন হ্যাসেট ও জুলি হ্যারিস। সিনেমাটি পরিচালনা করেছিলেন ল্যারি পিয়ার্স।

এরপর হলিউডের কয়েকটি স্টুডিও ‘দ্য বেল জার’ নিয়ে সিনেমা তৈরির চেষ্টা করে। জুলিয়া স্টাইলসকে নিয়ে একটি সিনেমার কাজ শুরু হয় ২০০৭ সালে। যেটি পরে আর তৈরি হয়নি। ২০১৯ সালেও কার্স্টেন ডানস্টের পরিচালনায় আবারও সিনেমাটিকে বড় পর্দায় আনার চেষ্টা করা হয়। সে সময় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল ডেকোটা ফ্যানিং এর। ওই প্রজেক্টও পরে আলোর মুখ দেখেনি।

আইলিশের জন্য বড় পর্দার অভিজ্ঞতা নতুন হলেও সিনেমার অভিজ্ঞতা নতুন নয়। ‘বার্বি’ ও জেমস বন্ডের ‘নো টাইম টু ডাই’ সিনেমার অরিজিনাল গানের জন্য অস্কার জিতেছেন ২৫ বছর বয়সী এই গায়িকা। তবে, ডেডলাইন জানিয়েছে ‘বেল জারের’ জন্য কোনো গান গাইবেন বা সুর করবেন না আইলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here