এবার ব্রেক ফেল করে দুমড়ে-মুচড়ে গেল ভারতীয় যুদ্ধবিমান

0
এবার ব্রেক ফেল করে দুমড়ে-মুচড়ে গেল ভারতীয় যুদ্ধবিমান

আবারও বিপত্তিতে ভারতীয় যুদ্ধবিমান তেজস। এবার সেনাঘাঁটিতে অবতরণের সময়ে রানওয়ে থেকে ছিটকে গেল। দুমড়ে-মুচড়ে গেল সেটির কাঠামো। যদিও দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে বের হতে সক্ষম হন পাইলট। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিমানটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ভারতীয় বিমানবাহিনী আরও একটি তেজস বিমান হারিয়ে ফেলল বলেই মনে করা হচ্ছে।

যুদ্ধবিমান তেজস সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। তবে সাম্প্রতিক তেজস বিপর্যয়ের কথা আনুষ্ঠানিকভাবে এর আগে জানায়নি ভারতীয় বিমানবাহিনী। দেশটির সংবাদসংস্থা পিটিআই সূত্র উল্লেখ করে জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে বিমানবাহিনীর ঘাঁটিতে একটি তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি সাধারণ প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফিরছিল। অবতরণের সময়ে ‘ব্রেক’ কাজ করছিল না। মনে করা হচ্ছে, ‘ব্রেক ফেল’ হয়েছিল। বিপদ আসন্ন বুঝে দরজা খুলে লাফিয়ে পড়েন পাইলট। ফলে তার কোনও আঘাত লাগেনি। তবে তার পরমুহূর্তেই রানওয়ে থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে যুদ্ধবিমানটি।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি তেজসের এই দুর্ঘটনা ঘটে। তার পরেই এই বিমানের নিরাপত্তা এবং যান্ত্রিক গোলযোগ নিয়ে তৎপর হয় ভারতীয় বিমানবাহিনী। প্রায় ৩০টি এক আসনবিশিষ্ট তেজস যুদ্ধবিমান বসিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না, খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞেরা সবুজ সঙ্কেত দিলে আবার তা ব্যবহার করা হবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)-কে দেশটির বিমানবাহিনীর জন্য ৮৩টি তেজস যুদ্ধবিমান তৈরির অনুমোদন দিয়েছিল। চুক্তি হয়েছিল ৪৮ হাজার কোটি রুপির। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে একই সংস্থাকে আরও ৯৭টি তেজস তৈরির অনুমোদন দেওয়া হয়। সেই চুক্তি হয় ৬২ হাজার কোটি রুপির। কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করতে ওই সংস্থা বারবার ব্যর্থ হয়েছে। অভিযোগ, জিই এরোস্পেস থেকে এরো ইঞ্জিনের জোগান মিলছে না।

তেজসে এই নিয়ে তৃতীয়বার দুর্ঘটনা ঘটল। প্রথম ২০২৪ সালের মার্চে দুর্ঘটনার কবলে পড়েছিল তেজস। রাজস্থানের জয়সালমেরের কাছে ভেঙে পড়েছিল তেজস যুদ্ধবিমান। সেবারও পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষশ হয়েছিলেন। দ্বিতীয়বার তেজস ভেঙে পড়ে দুবাইয়ে এয়ার শো চলাকালীন। মৃত্যু হয় পাইলট বিমানবাহিনীর উইং কমান্ডার নামান স্যালের। ৭ ফেব্রুয়ারির ঘটনা সেই তালিকায় তৃতীয় সংযোজন। সূত্র: ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here