চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নতুন ভেন্যুতে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হবে লন্ডনে।
১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল সাময়িকী ব্যালন ডি’অরের যাত্রা শুরু করে। উদ্বোধনী আসরে পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্ট্যানলি ম্যাথিউজ। তার প্রতি সম্মান জানাতেই ৭০তম বার্ষিকীর আয়োজন লন্ডনে করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
প্রতি বছর জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান প্যারিসে অনুষ্ঠিত হলেও এবার ভেন্যু বদল করা হয়েছে। তবে লন্ডনের ঠিক কোন স্থানে অনুষ্ঠান হবে, সে বিষয়ে বৃহস্পতিবার পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি।
২০২৫ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির তারকা উসমান দেম্বেলে। আর নারীদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন বার্সেলোনার আইতানা বনমাতি।

