একসময় অন্যের বাড়িতে কাজ করা সেই নারী এখন পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী

0
একসময় অন্যের বাড়িতে কাজ করা সেই নারী এখন পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী

একসময় মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে গৃহকর্মীর কাজ করতেন। আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনাও ছেড়ে দিতে হয়েছিল। সেই কলিতা মাঝিই এখন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। চলতি বছরের বিধানসভা নির্বাচনে আউশগ্রাম আসন থেকে জয়ী হয়ে সোমবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। শপথের পর এখন তার কাঁধে পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আউশগ্রাম আসন থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক কলিতা মাঝি সোমবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, একসময় মাসে মাত্র আড়াই হাজার রুপি আয় করতেন, আর এখন তাঁর ওপর রাজ্যের দায়িত্ব অর্পিত হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়া ৩৫ জন সদস্যের একজন কলিতা মাঝি। এ সম্প্রসারণের ফলে মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।

কলিতা মাঝি বলেন, মোদিজি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। এতে আমি খুবই আনন্দিত। কোনো দিন ভাবিনি আমি বিধায়ক হব, মন্ত্রী হওয়া তো আরও দূরের কথা। ২০১৪ সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছি। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমার পুরো মনোযোগ ছিল নিজের নির্বাচনী এলাকায়। এখন পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব আমার কাঁধে।

সংসারের অভাবের কারণে পড়াশোনা বন্ধ করে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতে হয়েছিল কলিতা মাঝিকে। তার স্বামী পেশায় একজন পাইপমিস্ত্রি। তাদের ছেলে পার্থ বর্তমানে স্কুলে অধ্যয়ন করছে।

বুথ পর্যায়ের কর্মী হিসেবে বিজেপিতে রাজনৈতিক যাত্রা শুরু করেন কলিতা মাঝি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হলেও তিনি পরাজিত হন। তবে ২০২৬ সালের নির্বাচনে দ্বিতীয়বার সুযোগ পেয়ে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন।

সোমবার কলকাতার লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রিসভার এ সম্প্রসারণে ১৩ জন পূর্ণমন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here