এআই বিপ্লবের কেন্দ্র এখন তাইওয়ান, ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

0
এআই বিপ্লবের কেন্দ্র এখন তাইওয়ান, ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তারে তাইওয়ানকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি সেখানে বছরে প্রায় ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। বুধবার তাইপেতে নতুন সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং।

তিনি বলেন, চার থেকে পাঁচ বছর আগে এনভিডিয়া তাইওয়ানে বছরে ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার ব্যয় করত। এখন সেই ব্যয় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভবিষ্যতে তা বাড়িয়ে ১৫০ বিলিয়ন ডলার করা হবে। তবে কত বছর এই বিনিয়োগ চলবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বিশ্বের প্রায় ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানের নতুন সদর দপ্তরের নির্মাণকাজ চলতি বছর শুরু হবে। ২০৩০ সালের মধ্যে এটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন সদর দপ্তর স্থাপনের ফলে চিপ নির্মাতা টিএসএমসির সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। টিএসএমসি উন্নতমানের অর্ধপরিবাহী চিপ তৈরি করে। এ চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া ফক্সকন, উইসট্রন ও জোয়ান্টা কম্পিউটারের মতো উৎপাদন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে এনভিডিয়ার জোটও আরও শক্তিশালী হবে। এসব প্রতিষ্ঠান এআই সার্ভার ও অবকাঠামো তৈরিতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় এক হাজার কর্মী, তাদের পরিবারের সদস্য এবং তাইপের মেয়র চিয়াং ওয়ান-আন উপস্থিত ছিলেন। সেখানে জেনসেন হুয়াং বলেন, তাইওয়ান এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানেই চিপ তৈরি হয়, প্যাকেজিং হয়, সিস্টেম তৈরি হয় এবং এখানেই এআই সুপারকম্পিউটার তৈরি হয়েছে। তিনি জানান, নতুন স্থাপনায় প্রায় চার হাজার কর্মী নিয়োগ দেওয়া  হবে।

তাইনানে জন্ম নেওয়া জেনসেন হুয়াং নয় বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে তাইওয়ানে তিনি তারকাখ্যাতি পেয়েছেন। সম্প্রতি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন সফরেও অংশ নেন।

গত বছর এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কোম্পানিতে পরিণত হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন পণ্য ও বড় গ্রাহকভিত্তির কারণে তাদের প্রবৃদ্ধি আরও বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here