সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।
রবিবার সকালে মসলা জাতীয় ফসলের উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহম্মেদ, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন, উপসহকারী সোহেল আরমান, আরিফুল ইসলাম, আব্দুল আলীমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বস্তায় আদা চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং এ পদ্ধতির অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সীমিত জমিতে অধিক উৎপাদনের জন্য বস্তায় আদা চাষ একটি সম্ভাবনাময় প্রযুক্তি, যা কৃষকদের আয় বৃদ্ধি এবং বাণিজ্যিকভাবে আদা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ এবং প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

