ঈদের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন

0
ঈদের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এবার পবিত্র রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

এ তথ্য জানিয়েছেন বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি ও অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের।

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় বৈঠকে বসবে। ওই দিনটি রমজানের ২৯তম দিন। ইসলামী রীতি অনুযায়ী নতুন চাঁদ দেখার মাধ্যমে পরবর্তী মাসের সূচনা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।

ড. নাসের জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে শাওয়ালের চাঁদের জন্ম বা কনজাংশন ঘটবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৪টা ৫ মিনিটে (মক্কা সময়)। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ উপস্থিত থাকবে না। এ কারণে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা যেতে পারে। তখন চাঁদ পশ্চিম দিগন্তে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় থাকবে এবং প্রায় ৩০ মিনিট দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য অনুকূল।

রমজানের শুরুতে পূর্ণিমার সময় চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করেও ধারণা করা হয়েছিল যে, মাসটি ৩০ দিন পর্যন্ত যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। গত ৩ মার্চ সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের মাত্র অর্ধ ডিগ্রি ওপরে অবস্থান করছিল।

ড. নাসের জানান, চলতি সপ্তাহে বাহরাইনে রোজার সময়কাল প্রায় ১১ ঘণ্টা ২৪ মিনিট।

সূত্র : নিউজ অব বাহরাইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here