ঈদের দিন বৃষ্টি হতে পারে যেখানে যেখানে

0
ঈদের দিন বৃষ্টি হতে পারে যেখানে যেখানে

মৌসুমি বায়ু দেশে প্রবেশের আগের এই সময়ে প্রকৃতি যেন এক বেহিসাবি রূপ ধারণ করেছে। কোথাও তীব্র গরম, আবার কোথাও ঝুম বৃষ্টি; আবহাওয়ার এমন বৈপরীত্য গত এক সপ্তাহ ধরেই দেশজুড়ে চোখে পড়ছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, প্রকৃতির এই খামখেয়ালি আচরণ ঈদের দিনও বজায় থাকতে পারে। তবে এখন পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশের দুটি বিভাগ বাদে বাকি প্রায় সব অঞ্চলেই ঈদের দিন কমবেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, আগামীকাল পবিত্র ঈদুল আজহার দিন দেশের অন্তত চার বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকায় আছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগ। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন দেশের বাকি অঞ্চলগুলোর তুলনায় খুলনা ও বরিশাল বিভাগ অপেক্ষাকৃত শুকনো থাকতে পারে।

এদিকে, রাজধানী ঢাকায় ঈদের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঠিক কখন বৃষ্টি নামবে, তা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঈদের আগের দিন রাতেই রাজধানীতে ভারী বৃষ্টি হতে পারে। আর ঈদের দিন সকালে বৃষ্টি না হলেও বিকেলে তা নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মূলত এবার পশ্চিমা লঘুচাপ অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণেই বৃষ্টির এই পূর্বাভাস। অথচ গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই লঘুচাপের প্রভাব প্রায় ছিলই না। মার্চের পর থেকে এই শক্তিশালী পশ্চিমা লঘুচাপের বিরামহীন প্রভাব চলছে, যা আবহাওয়াগতভাবে বেশ অস্বাভাবিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here