ঈদের দিনে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো দুই প্রাণ

0
ঈদের দিনে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো দুই প্রাণ

ঈদের সকালে ঘুরতে বেড়িয়ে পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নামে দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌর শহরের সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে। নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত মাদরাসার ঢাকার টঙ্গী শাখার ছাত্র ছিলেন। তিনি একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে শহরের কালিকাপুর এলাকা থেকে গলাচিপা শহরের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের সামনের সড়ক অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা গলিতে ঢুকতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তামিম ও ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল ফয়সালও মারা যান। 

এ ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। তারা হলেন- গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক সোহাগ হাওলাদার (২৫) এবং রতনদী হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হোসেন (৪০)।
ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত দুইজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here