পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ কোচ। আজ থেকে ঈদের আগের তিন দিন অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত এ সার্ভিস অব্যাহত থাকবে।
সোমবার ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, ঢাকাসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় তারা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদের শুভেচ্ছা জানান।
নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই বিশেষ উদ্যোগের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্তকরণের এই সার্ভিস চালু করা হয়।

