ইরান থেকে ফোন এসেছে, চুক্তি করতে ‘মরিয়া’ তেহরান: দাবি ট্রাম্পের

0
ইরান থেকে ফোন এসেছে, চুক্তি করতে ‘মরিয়া’ তেহরান: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আজ সকালে ইরানের পক্ষ থেকে তার প্রশাসনের কাছে একটি ফোনকল এসেছে এবং তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিপরীত পক্ষ (ইরান) থেকে আজ সকালে আমাদের কাছে ফোন এসেছে। তারা খুব দ্রুত একটি রফা (চুক্তি) করতে চায়।

ট্রাম্পের এই মন্তব্য এমন একসময়ে এলো, যখন মাত্র তিন ঘণ্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে এবং পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। ট্রাম্প স্পষ্ট করে দেন যে, তেহরানের সঙ্গে আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক কর্মসূচি। তিনি সাফ জানিয়ে দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, কিন্তু পারমাণবিক ইস্যুতে তারা এখনো সায় দেয়নি। তবে আমার বিশ্বাস, তারা শেষ পর্যন্ত এতে রাজি হবে। আমি এ ব্যাপারে প্রায় নিশ্চিত। আর তারা যদি এতে রাজি না হয়, তবে কোনো চুক্তি হবে না। কখনোই কোনো চুক্তি সম্ভব নয়।

পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করাকেও নিজের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। অত্যন্ত কড়া ভাষায় তিনি বলেন, আমরা সেই ইউরেনিয়াম (ডাস্ট) ফেরত আনবই। হয় তারা আমাদের হাতে সেটি তুলে দেবে, না হয় আমরা সেটি ছিনিয়ে নেব। 

অবরোধের উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নাটকীয়তার জন্ম দিয়েছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here