ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ পরিচালনায় সহায়তা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে সহযোগিতা করার অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়।
বুধবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন ট্রেজারি বিভাগ।
মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মন্ত্রণালয়ের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ’ (OFAC) এ নিষেধাজ্ঞা কার্যকর করেছে। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের— সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান একটি ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ গড়ে তুলেছে। এর মাধ্যমে তৃতীয় পক্ষ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে এবং সেই অর্থ বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে ঘুরিয়ে ইরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী ও আইআরজিসির কাছে পৌঁছে দেওয়া হয়।
এর আগে থেকেই ইরানের তেল বাণিজ্যের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবুও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি অব্যাহত রয়েছে বলে দাবি ওয়াশিংটনের।
মার্কিন প্রশাসনের মতে, নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এই ‘তৃতীয় পক্ষ’ নেটওয়ার্কের অংশ, যারা আড়ালে থেকে ইরানের তেল বাণিজ্যের অর্থ সরবরাহে সহায়তা করছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের তেল খাতকে লক্ষ্য করে একাধিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।
সূত্র: রয়টার্স

