ইরানকে অস্ত্র দেবে না চীন, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে খুশি বেইজিং: ট্রাম্প

0
ইরানকে অস্ত্র দেবে না চীন, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে খুশি বেইজিং: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপে চীন অত্যন্ত খুশি এবং তারা ইরানকে কোনো প্রকার অস্ত্র সরবরাহ না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি স্থায়ীভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করার যে উদ্যোগ নিয়েছেন, তা কেবল চীনের জন্য নয় বরং সমগ্র বিশ্বের কল্যাণে কাজ করবে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তিনি সেই লক্ষ্যেই এগোচ্ছেন।

এই পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, বেইজিংয়ের সঙ্গে এই সমঝোতার ফলে ইরান এখন আর চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা পাবে না। আগামী মে মাসে চীন সফরের কথা রয়েছে ট্রাম্পের, যেখানে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই আসন্ন সফর নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, বেইজিংয়ে পৌঁছানোর পর প্রেসিডেন্ট শি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন এবং ‘বড় একটি আলিঙ্গন’ করবেন বলে তিনি আশা করছেন।

উভয় দেশের মধ্যকার বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীন অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে এবং চমৎকার সমন্বয়ে কাজ করছে। যুদ্ধ করার চেয়ে এভাবে মিলেমিশে কাজ করা অনেক বেশি ফলপ্রসূ। তবে মিত্রদের সতর্ক করে তিনি মনে করিয়ে দিতে ভোলেননি যে, প্রয়োজনে যুদ্ধ করার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও পারদর্শী। 

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here