ইমরান খানের চিকিৎসা অধিকার ইস্যুতে আইনি লড়াই এবার সুপ্রিম কোর্টে

0
ইমরান খানের চিকিৎসা অধিকার ইস্যুতে আইনি লড়াই এবার সুপ্রিম কোর্টে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যসেবা ও পরিবারের সঙ্গে সাক্ষাতাধিকারের বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তার বোন ডা. উজমা খান। ওই রায়ে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, ব্যক্তিগত চিকিৎসকদের প্রবেশাধিকার, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদানের আবেদন খারিজ করা হয়েছিল।

সোমবার জ্যেষ্ঠ আইনজীবী উজাইর কারামত ভান্ডারির মাধ্যমে দাখিল করা এই আবেদনে বলা হয়, আবেদনকারী ইসলামাবাদ হাইকোর্টের ওই কার্যক্রমে সরাসরি পক্ষ ছিলেন না, তবে রায়ের ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে এইচ এম সায়া মামলায় সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের দৃষ্টান্ত তুলে ধরা হয়, যেখানে বলা হয়েছিল- কোনো আদেশে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সুপ্রিম কোর্টে তা চ্যালেঞ্জ করতে পারেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ইমরান খান ও তার স্ত্রী আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। অন্যদিকে তার দুই ছেলে বিদেশে অবস্থান করছেন। আবেদনকারী হিসেবে তার বোন ডা. উজমা খান নিজেকে সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় এবং পেশায় চিকিৎসক হিসেবে উল্লেখ করে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, কর্তৃপক্ষের কার্যক্রম ও অবহেলার কারণে ইমরান খানের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।

এতে আরও বলা হয়, পাকিস্তানে তিনি (উজমা খান) ইমরান খানের সবচেয়ে নিকটাত্মীয় হওয়ায় এই আপিল করার আইনগত অধিকার রাখেন। পাশাপাশি অভিযোগ করা হয়, কারা কর্তৃপক্ষ ইমরান খানের স্বাক্ষরিত ওকালতনামা আইনজীবীর কাছে পৌঁছে দিতে অস্বীকৃতি জানাচ্ছে, যার ফলে তিনি নিজে থেকে আদালতে যেতে পারেননি।

আবেদনে বলা হয়েছে, হাইকোর্টের রায় বহাল থাকলে তা আবেদনকারীর মামলার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। তাই তিনি রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে মামলার শুনানির সময় ইসলামাবাদ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি ইমরান খানের পছন্দের চিকিৎসকদের দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশনা চাওয়া হয়েছে। চিকিৎসকদের তালিকায় খুররম মির্জা, অসিম ইউসুফ, ফয়সাল সুলতান ও সামিনা নিয়াজির নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া ইমরান খানকে তার চিকিৎসক, পরিবারের সদস্য এবং আইনজীবীদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশও সুপ্রিম কোর্টের কাছে প্রার্থনা করা হয়েছে।

তথ্য সূত্র- দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here