ইন্টার মায়ামি ছাড়লেন মাসচেরানো

0
ইন্টার মায়ামি ছাড়লেন মাসচেরানো

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো।

মঙ্গলবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

২০২৪ সালের নভেম্বরে মায়ামির কোচের দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। ৪১ বছর বয়সী এই কোচের অধীনে খেলা ৪৭টি ম্যাচের মধ্যে ২৭টিতেই জিতেছে মায়ামি। গত বছর ক্লাবটিকে প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা এনে দিতে বড় ভূমিকা রাখেন মাসচেরানো।

মাসচেরানোর অধীনে ২০২৪-২৫ মৌসুমে রেকর্ড ১০১টি গোল করেছে মায়ামি। যা এমএলএস-এর ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর মধ্যে শুধু প্লে-অফেই এসেছিল ২০টি গোল।

মাসচেরানো মায়ামিকে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বেও নিয়ে গিয়েছিলেন। গ্রুপ পর্বে পোর্তোকে হারালেও শেষ ষোলোর লড়াইয়ে তারা পিএসজির কাছে হেরে বিদায় নেয়।

বিদায়বেলায় মাসচেরানো বলেন, “আমি সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ক্লাবকে এবং সম্মিলিত প্রচেষ্টার জন্য প্রতিটি কর্মীকে ধন্যবাদ জানাই। তবে বিশেষ ধন্যবাদ খেলোয়াড়দের, যাদের কারণে আমরা অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটাতে পেরেছি।”

তিনি আরও বলেন, “ভক্তদেরও অনেক ধন্যবাদ। আমাদের জেতা প্রথম শিরোপার স্মৃতি আমি সবসময় সাথে রাখব। আমি যেখানেই থাকি না কেন, ক্লাবের মঙ্গল কামনা করব। আমার বিশ্বাস, এই ক্লাব ভবিষ্যতে আরও বড় সাফল্য পাবে।”

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে মায়ামি। মাসচেরানো চলে যাওয়ায় আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন গুইলার্মো হোয়োস। আগামী শনিবার কলোরাডো র‍্যাপিডস-এর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here