ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে রংপুরে কর্মবিরতি ও মানববন্ধন

0
ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে রংপুরে কর্মবিরতি ও মানববন্ধন

মাসিক ভাতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রংপুর মেডিকেল কলেজের সভাপতি সাদমান মির মিরাজ, সাধারণ সম্পাদক নাঈম শাহরিয়ার, কোষাধ্যক্ষ আবু বকরসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা ২৪ ঘণ্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। অথচ আমাদের যে ভাতা দেওয়া হয়, তা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে পরিবারকে আর্থিক সহায়তা করা কিংবা নিজের খরচ চালাতে অনেক ইন্টার্নকে হিমশিম খেতে হচ্ছে।

ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা এবং এফসিপিএস প্রশিক্ষণার্থীদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবি জানান। পাশাপাশি কর্মক্ষেত্রে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা বন্ধ করে হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি সাদমান মির মিরাজ বলেন, বর্তমান সরকারের ফার্স্ট লেডি একজন চিকিৎসক। তাই সরকার চিকিৎসকদের মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা করি। আজ ঢাকায় মেডিকেল কলেজগুলোর ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইতিবাচক সিদ্ধান্ত এলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা কর্মসূচি পালন করলেও হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। ইন্টার্নরা তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি আমাকে দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here