ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা’ সম্মাননা অনুষ্ঠিত

0
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা’ সম্মাননা অনুষ্ঠিত

যেসব মায়ের সন্তানরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছেন এমন ১১ জন মাকে ‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

আজ রবিবার মা দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। আয়োজক প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল টানা ১৩তমবারের মতো এই ‘গরবিনী মা’ সম্মাননা আয়োজন করে।

সম্মাননা পাওয়া মায়েরা হলেন- প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের মা বেগম ফরহাত ইসলাম; আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরিশালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. রকিবুল ইসলামের মা বেগম রোকেয়া রশীদ; আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের মা মোসা. রাজিফা আজাদ; শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হকের মা সেলিমা হক; সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলামের মা রাজিয়া আহমেদ; চিকিৎসা ক্যাটাগরিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদের মা সরস্বতী প্রসাদ; সংগীত ক্যাটাগরিতে চ্যানেল আই-সেরাকণ্ঠ ২০০৯ চ্যাম্পিয়ন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের মা সায়মা মনির মিনু; অভিনয় (নারী) ক্যাটাগরিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন; অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নাট্যাভিনেতা, মডেল ও পরিচালক জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত খাইরুম ইসলামের মা শিরিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জেনারেশন জেড বা জেন-জিদের দিকনির্দেশনা দেওয়া মায়েদের জন্য ক্রমেই কঠিন হয়েছে। আগের মতো সন্তানদের নিয়ন্ত্রণ বা সঠিক পথে রাখা ভবিষ্যতের মায়েদের জন্য আরও জটিল হয়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন নতুন জ্ঞানের সর্বোত্তম ব্যবহার করে যাতে নতুন প্রজন্ম এগিয়ে যায়, সেই আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা আশীষ কুমার চক্রবর্ত্তী। সঞ্চালনায় ছিলেন সংবাদ পাঠিকা বিপাশা মজুমদার। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা গরবিনী মায়েদের উত্তরীয় পরিয়ে দেন। পরে সম্মাননাপ্রাপ্ত মায়েদের ক্রেস্ট, মেডেল, স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ, কাঠের ফ্রেমে বাঁধাই করা ছবি ও উপহার সামগ্রী দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here