আশুলিয়ায় সৌদি প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ

0

আখতার রাফি : আশুলিয়ায় মধ্যরাতে এক সৌদি প্রবাসীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ ভাড়াটিয়াদের মারধর ও ভয়ভীতি প্রদন করে ভাড়া তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ প্রবাস জীবনের কষ্টে উপার্জিত টাকায় দুই বছর আগে ওই প্রভাবশালীদের নিকট থেকে এই জমিটি কিনে সেখানে বাড়ি নির্মাণ করেন। অথচ বিক্রির দুই বছর পর তারা নিজেরাই সেই জমি ও বাড়ি পুনরায় জবর দখল চেষ্টা করছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী বাড়িওয়ালা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে ও মঙ্গলবার সকাল ১১টায় আশুলিয়ার দক্ষিণ ভাদাইল ইসরাফিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন – আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার মৃত তাহের আলী মাতাব্বর ওরফে মোহের আলীর ছেলে আবুল খায়ের (৬০) ও ইদ্রিস আলী (৫০)। এদের মধ্যে ইদ্রিস আলী স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতা বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত দুই বছর আগে অভিযুক্ত আবুল খায়ের ও ইদ্রিস আলীর কাছ থেকে ৭ শতাংশ জমি কিনে সেখানে টিনশেড বাড়ি নির্মাণ করে নিজেরা বসবাস সহ কক্ষ ভাড়া দিয়ে আসছিলেন। কিন্তু গত দুই মাস ধরে অভিযুক্তরা জমিটি পুনরায় জবরদখলের পায়তারা শুরু করে।

এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে আনোয়ার হোসেন বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা ৭-৮ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ ওই বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক ভাড়ার টাকা উত্তোলন করে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে আবারও তারা দলবল নিয়ে এসে ভাড়াটিয়াদের বাসা ছেড়ে চলে যেতে বলে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, আমি জমি কিনে বাড়ি করেছি। এখন তারা গায়ের জোরে আমার জমি দখল করতে চায়। আমি বিষয়টি সমাধানের জন্য তাদের কাছে গেলে তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারা খুবই খারাপ প্রকৃতির লোক, আমি আমার জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।

এ বিষয়ে অভিযুক্ত আবুল খায়ের বলেন, আমরা এই জমিটি প্রায় ১৫ বছরে ধরে ভোগদখল করতেছি। এই জমিটি উনার না, উনার জমিটি অন্য জায়গায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here