আখতার রাফি : আশুলিয়ায় অবৈধ অস্ত্রের ফায়ারিং এর মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী ৪ সন্ত্রাসীকে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ আটক করেছে জামগড়া আর্মি ক্যাম্প সেনাদল।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামগড়া আর্মি ক্যাম্প। এর আগে গত রাতে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আশুলিয়া গাজিরচট এলাকার মেহেদী হাসান মিঠুন (২৪), একই এলাকার মোঃ মোজাম্মেল ভূঁইয়া (৪৪), চাঁপাইনবাবগঞ্জ জেলা রানী নগরের মোঃ জাহিদুল আলম (২৪), এবং মধ্য গাজীরচটের মাসুমা আক্তার রিয়া (২৩)।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে আসছিল।গত রাতে আশুলিয়ার গাজীর চট এলাকায় আকস্মাত পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনতে পাওয়া যায় যা সম্পূর্ণ এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে। ঘটনার খবর জামগড়া আর্মি ক্যাম্পে জানানো হলে, জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল অতি দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর নিকট থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করলে, মেহেদী হাসান মিঠুন নামের এক ব্যক্তি একটি বিদেশি পিস্তল (এমোনেশনসহ), বিপুল পরিমাণ মাদকদ্রব্য (৩০৪০ পিছ ইয়াবা, ৭০০ গ্রাম গাজা ইত্যাদি), বিভিন্ন দেশীয় অস্ত্র এবং অপরাধ কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রীর লুকায়িত স্থান দেখিয়ে দেয়।
আটককৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।

