আশুলিয়ায় গোলাগুলির ঘটনায় বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ৪ 

0

আখতার রাফি : আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল ও কাইচাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার কচুড়া থানার সেঙ্গুয়া এলাকার ইউনুস পাটোয়ারীর ছেলে আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সাটিনওদা এলাকার শহিদুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন টিটু (২৮), আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আব্দুল মতিনের ছেলে আল আমিন স্বপন (৩০) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে জুলহাস মিয়া (৩০)। বর্তমানে মান্নান পাটোয়ারী আশুলিয়ার কুড়গাঁও ও মনোয়ার হোসেন টিটু আশুলিয়ার বাইপাইল এসএ পরিবহনের পিছনের এলাকার বসবাস করতেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে এবং এর তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পরে ঊর্ধ্বতন অফিসারগণের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল ও কাইচাবাড়ী এলাকা থেকে ৪ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল মান্নান পাটোয়ারীর তথ্যের ভিত্তিতে কাইচাবাড়ী নবারটেক এলাকার করিম সাহেবের বড়ই বাগানের ভিতর থেকে ম্যাগাজিনসহ একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মনোয়ার হোসেন টিটু (২৮) আশুলিয়ার থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here