আল-আকসায় দুই ফিলিস্তিনি নেতার প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা

0
আল-আকসায় দুই ফিলিস্তিনি নেতার প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের দুই শীর্ষ নেতার আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। আগামী ছয় মাস শেখ রায়েদ সালাহ ও শেখ কামাল খতিব আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি পুলিশ।

এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইসরায়েলি পুলিশের জেরুজালেম জেলা কমান্ডার অ্যাভশোলিম পেলেদের স্বাক্ষরিত এক আদেশে ২০২৬ সালের ২৭ এপ্রিল থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নির্দেশনায় বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া তারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। ১৯৭১ সালের ইসরায়েলি পুলিশ বিধিমালার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন শেখ কামাল খতিব। তিনি অভিযোগ করেন, ২০১৫ সালে ইসলামী আন্দোলন নিষিদ্ধ ঘোষণার পর থেকেই সংগঠনের নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক দমন-পীড়ন চালানো হচ্ছে। নিরাপত্তাজনিত যে কারণ দেখানো হচ্ছে, তার বাস্তব ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদে প্রবেশাধিকার সীমিত করতে ইসরায়েল একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। বিশেষ করে ফিলিস্তিনি ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ওপর কঠোর নজরদারি ও সীমাবদ্ধতা বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র:  মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here