আর্জেন্টিনা ম্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ

0
আর্জেন্টিনা ম্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ

বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও এখনই স্বস্তিতে নেই অস্ট্রিয়া। কারণ সামনে অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জর্ডানকে হারানোর আনন্দের মধ্যেই তাই পরবর্তী ম্যাচের পরিকল্পনা শুরু করে দিয়েছেন কোচ রালফ রাংনিক।

গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী সোমবার ডালাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা।

অন্যদিকে, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে অস্ট্রিয়া। তবে ম্যাচটি সহজ ছিল না। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল এবং শেষ দিকে মার্কো আরনাউটোভিচের পেনাল্টি গোলে জয় নিশ্চিত করে তারা। তবে আর্জেন্টিনার বিপক্ষে পরিস্থিতি যে সম্পূর্ণ ভিন্ন হবে, তা ভালোভাবেই জানেন রাংনিক। তার মতে, বল দখলে রাখা এবং আক্রমণ সাজানোর ক্ষেত্রে আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল।

জর্ডানের বিপক্ষে জয়ের পর অস্ট্রিয়া কোচ বলেন, ‘আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো তাদের বলের নিয়ন্ত্রণ। তারা চিরায়ত বল দখলে রাখা দল। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ভীষণ-ভীষণ কঠিন হবে।’

১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে অস্ট্রিয়া। আর ১৯৮২ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখছে ইউরোপের দলটি। তবে সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মেসিদের আর্জেন্টিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here