আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা

0
আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত এই দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কয়েকজন পরিচিত তারকার বাদ পড়া। তারা হলেন-

মার্কোস আকুনা
৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেই আসরে তিনি ছয়টি ম্যাচ খেলেছিলেন। ক্লাব ফুটবলে রিভার প্লেটের হয়ে নিয়মিত খেললেও হাঁটু ও উরুর চোটের কারণে এবার দলে জায়গা হয়নি তার।

মাতিয়াস সুলে
অনেকেই মনে করেছিলেন, অ্যাঞ্জেল ডি মারিয়ার উত্তরসূরি হতে পারেন এই উইঙ্গার। এএস রোমার হয়ে চলতি মৌসুমে ছয় গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন তিনি। ইউরোপা লিগেও গোল করেছেন। ইনজুরি থেকে ফিরে ভালো ফর্মে থাকলেও শেষ পর্যন্ত স্কালোনির পরিকল্পনায় জায়গা পাননি।

এমিলিয়ানো বুয়েন্দিয়া
অ্যাস্টন ভিলার এই আক্রমণভাগের খেলোয়াড়কে নিয়ে প্রত্যাশা ছিল অনেক। পুরো মৌসুমে ১১ গোল ও ৯ অ্যাসিস্ট করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার।

নিকোলাস কাপালদো
বহুমুখী এই ফুটবলার সেন্টার-ব্যাক থেকে মিডফিল্ড একাধিক পজিশনে খেলতে সক্ষম। রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের চোটের কারণে তার সুযোগের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি, যা অনেকের কাছে চমক হিসেবেই দেখা হচ্ছে।

মার্কোস সেনেসি
সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে তার বাদ পড়াকে। বোর্নমাউথের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েও দলে জায়গা পাননি তিনি। তাকে নিয়ে টটেনহ্যাম, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের আগ্রহের খবর থাকলেও স্কালোনি অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির ওপরই ভরসা রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here