আর্জেন্টিনার পতাকায় নারায়ণগঞ্জে বিশ্বকাপের আমেজ

0
আর্জেন্টিনার পতাকায় নারায়ণগঞ্জে বিশ্বকাপের আমেজ

ফুটবল বিশ্বকাপ সামনে এলেই নারায়ণগঞ্জে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। সারাদেশের মতো এখানেও বিভিন্ন পাড়া-মহল্লা ও শহরতলী বিভক্ত হয়ে পড়ে প্রিয় দলের সমর্থনে। বাড়ি-ঘরের ছাদে বড় বড় পতাকা ওড়ানো, দেয়ালজুড়ে পোস্টার-ফেস্টুন এবং অলিগলিতে রঙিন সাজসজ্জা, সব মিলিয়ে পুরো শহরই রূপ নেয় এক ফুটবল উৎসবে।

বিশ্বকাপ ঘিরে কে কার চেয়ে বড় পতাকা টানাবে বা কে কতটা জাঁকজমকভাবে প্রিয় দলকে উপস্থাপন করবে, এ নিয়েও চলে বন্ধুসুলভ প্রতিযোগিতা।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় একটি পরিবার তাদের পছন্দের দল আর্জেন্টিনার বিশাল পতাকা টানিয়ে ভিন্নমাত্রার উদাহরণ সৃষ্টি করেছে। শুধু নিজেদের বাড়ি নয়, আশপাশের কয়েকজন প্রতিবেশীকেও এই উদযাপনে যুক্ত করেছেন তারা। সবাই মিলেই আশা করছেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতবে এবং একসঙ্গে খেলা উপভোগ করবেন।

পরিবারের সদস্য মুহাইমিনুল ইসলাম শাওন বলেন, ‘ছোটবেলায় দেখতাম বিশ্বকাপ এলে প্রতিটি বাড়ির ছাদে পতাকা উড়ত। এখন সেই দৃশ্য অনেকটা কমে গেছে। তাই শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতেই আর্জেন্টিনার বড় পতাকা টানিয়েছি। আশা করি এবার আমার প্রিয় দল চ্যাম্পিয়ন হবে।’

সামরীন সুলতানা শ্রেয়া বলেন, ‘বিয়ের পর এটাই আমাদের প্রথম বিশ্বকাপ। আমরা দু’জনই আর্জেন্টিনার সমর্থক। তাই এই বিশ্বকাপ ঘিরে আনন্দটা আরও বেশি। একসঙ্গে খেলা উপভোগ করবো।’

সুলতানা পারভীন বলেন, ছেলের আর্জেন্টিনা-ভক্তি তিনি আগেই দেখেছেন এবং এখন পুরো পরিবারই একই দলের সমর্থক। ম্যাচের দিন সবাই একসঙ্গে খেলা উপভোগ করেন বলেও জানান তিনি। এবারও আর্জেন্টিনার ভালো ফলের প্রত্যাশা তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here