আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন সল্ট

0
আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন সল্ট

আঙুলের চোটে দলের সবশেষ তিন ম্যাচে খেলতে না পারা ফিল সল্টের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে। আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ইংলিশ ওপেনার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুরোধে আঙুলে স্ক্যান করানোর জন্য দেশে ফিরে গেছেন সল্ট। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন বিস্ফোরক ব্যাটসম্যান।

সল্টের চোটের ধরন নিয়ে বেঙ্গালুরু কিংবা ইসিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে তার দ্রুত সেরে ওঠার আশায় আছে আইপিএলের শিরোপা ধরে রাখার অভিযানে থাকা বেঙ্গালুরু। চলতি আসরেই তাকে পাওয়ার আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঘরের মাঠে খেলার সময় একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান সল্ট। ইনিংসের ষষ্ঠ ওভারে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ডাইভ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাঠের বাইরে ছিটকে পড়ার আগে ছন্দে ছিলেন সল্ট। দিল্লির বিপক্ষে ওই ম্যাচেও ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। সব মিলিয়ে, ছয় ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।

সল্টের অনুপস্থিতিতে সবশেষ তিন ম্যাচে জেকব বেথেলকে খেলায় বেঙ্গালুরু। ভিরাট কোহলির সঙ্গে ওপেন করা ইংলিশ ব্যাটসম্যান তেমন কিছু করতে পারেননি এখনও। দলটিতে আছেন আরেক ইংলিশ ব্যাটসম্যান জর্ডান কক্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here