যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়লো।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শুক্রবার (১৫ মে) ওয়াশিংটনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দুই দিনের গঠনমূলক আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের আলোচনায় লেবাননের সরকারি প্রতিনিধিদল অংশ নিলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি এতে ছিল না। ইসরায়েল বরাবরই হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে লেবানন দ্রুত হামলা বন্ধ ও সীমান্ত এলাকায় স্থিতিশীলতা চেয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা, সীমান্ত নিরাপত্তা এবং উভয় দেশের সার্বভৌমত্বের স্বীকৃতি নিশ্চিত করতে সহায়ক হতে পারে। আগামী জুন মাসে আবারও নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত এপ্রিল মাসে দুই দেশের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে সেটিও কয়েক দফা বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে ৪৫ দিনের সম্প্রসারণে সম্মত হলো দুই পক্ষ।
তবে যুদ্ধবিরতি বাড়ানো হলেও উত্তেজনা পুরোপুরি থামেনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার তথ্য উঠে এসেছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি আপাতত বড় ধরনের সংঘাত এড়াতে সাহায্য করলেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ এখনও জটিল ও অনিশ্চিত।

