চলতি আসরে চোটের কারণে ধোনিকে ছাড়াই মাঠে নামতে হয় চেন্নাই সুপার কিংসকে। এরপর ইনজুরির কারণে বাঁ-হাতি পেসার খলিল আহমেদ এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন ব্যাটসম্যান আয়ুষ মাত্রে।
এমন পরিস্থিতিতে বোলিং বিভাগকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই। টপ-অর্ডার ব্যাটসম্যান আয়ুষ মাত্রের বদলি হিসেবে ডানহাতি পেসার আকাশ মাধওয়ালকে দলে নিয়েছে তারা। এই মৌসুমে দুর্দান্ত শুরু করা মাত্রে সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন। মাধওয়াল ৩০ লাখ রুপিতে সিএসকে-তে যোগ দিয়েছেন।
মাধওয়াল ২০১৯ সালে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে নেট বোলার হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। ২০২২ সালে, মৌসুমের মাত্র দুটি ম্যাচ বাকি থাকতেই ইনজুরিতে থাকা সূর্যকুমার যাদবের বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নেয়। তিনি তখন খেলার সুযোগ না পেলেও নেটে তার পারদর্শিতা পরের বছর তাকে দলে নেওয়ার পথ তৈরি করে দেয়।
২০২৩ সালের মৌসুমে তিনি আট ম্যাচে ১৪টি উইকেট নেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল চেন্নাইয়ে এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫ রানে ৫ উইকেটের অবিশ্বাস্য বোলিং ফিগার। তিনি ২০২৪ সালে মাত্র পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি উইকেট নিয়েছিলেন।
তবুও ২০২৫ মৌসুমের আগে অনুষ্ঠিত মেগা নিলামে রাজস্থান রয়্যালস তাকে ১.২০ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায়। তবে ওই মৌসুমে মাত্র চারটি ম্যাচ খেলে বাদ পড়েন এই পেসার। পরবর্তী নিলামে কোনো দল তাকে নিতে রাজি হয়নি।

