আফগানিস্তানের চেয়ে মানসিকভাবে পিছিয়ে পাকিস্তান : রমিজ রাজা

0
আফগানিস্তানের চেয়ে মানসিকভাবে পিছিয়ে পাকিস্তান : রমিজ রাজা

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে ১৮ রানের হারের পর পাকিস্তান দলকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক এবং বিশিষ্ট ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজা। তার মতে, পাকিস্তান দল শুধু পারফরম্যান্সেই নয়, মানসিকতায়ও পিছিয়ে রয়েছে আফগানিস্তানের তুলনায়।

রমিজ রাজা তার ইউটিউব চ্যানেলে বলেন, “পাকিস্তান নিজেদের ভুলেই ম্যাচ হেরেছে। ব্যাটসম্যানদের যেভাবে উইকেট বিলিয়ে দেওয়া তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউই আগের ভুল থেকে শিখছে না, বরং নতুন নতুন উপায়ে আউট হচ্ছে।”

তিনি মনে করেন, শারজাহর উইকেটে রান করাটা খুব একটা কঠিন ছিল না। কিন্তু পাকিস্তানি ব্যাটাররা ছোট ইনিংস (১০, ১৫, ২০ বা ২৫ রান) খেলে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হয়ে যাওয়ায় দল জয়ের ধারে কাছেও যেতে পারেনি।

রমিজ বলেন “আফগানিস্তান এখন পাকিস্তানকে হারানোকে আর চমক হিসেবে দেখে না। তারা জানে পাকিস্তান তাদের বিপক্ষে চাপে পড়ে যায়। আমার মতে, পাকিস্তান এখন মানসিকভাবে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে।”

তিনি আরও তুলে ধরেন, এখন পর্যন্ত আফগানিস্তান চারবার ও পাকিস্তান পাঁচবার একে অপরকে হারিয়েছে। এই পরিসংখ্যানে দুই দলের মধ্যকার ব্যবধান অনেকটাই ঘুচে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের পেসার হারিস রউফের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন রমিজ রাজা। তিনি বলেন, “হারিস রউফ অনেক রান দিয়ে ফেলেছে, দিনটা তার ছিল না। কিন্তু বড় সমস্যাটা ব্যাটিংয়ের মধ্যেই। যদি ব্যাটিংয়ের ধরণ ও দৃষ্টিভঙ্গি না বদলায়, তাহলে পাকিস্তানকে পরাজয় মানতেই হবে।”

ম্যাচ শেষে আফগানিস্তানের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন রমিজ। বিশেষ করে ওপেনার ইব্রাহিম যাদরানের ইনিংসের প্রশংসা করে বলেন, “যাদরান ধৈর্য্য ধরে খেলেছে, সময় বুঝে বড় শট নিয়েছে, এবং দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here