আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল

0
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকার পর এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে অবসরের কথা জানিয়েছেন রুবেল।

রুবেল লিখেছেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।

২০২৪ সালের এপ্রিলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলেছিলেন রুবেল। প্রায় ১০ মাস পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ মেলে তার। গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে একটি ম্যাচ খেলা রুবেল এ বছর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগই পাননি। এক বছরের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন না এই ডানহাতি পেসার।

জাতীয় দলেও নেই লম্বা সময় ধরেই। বাংলাদেশের জার্সিতে সবশেষ ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন রুবেল। ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মার্চে এবং টি-টোয়েন্টিতে দেশকে প্রতিনিধিত্ব করেছেন একই বছরের এপ্রিলে, নিউজিল্যান্ড সফরে। পাঁচ বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন ৩৬ বছর বয়সী এই পেসার। জাতীয় দল থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি খেলেছেন রুবেল। বাংলাদেশের জার্সিতে টেস্টে ৩৬, ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন। ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া, ২০১৫ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here