আদালতের ভেতরে আইনজীবীকে মারধর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

0
আদালতের ভেতরে আইনজীবীকে মারধর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে এক আইনজীবীকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানানো হয়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ-এর এজলাসে আনুমানিক দুপুর ২টার দিকে একটি মামলার জামিন শুনানিকালে আইনজীবী বাবর ব্যাপারী আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন এবং পরবর্তীতে মারধর করতে করতে তাকে এজলাসের বাইরে নিয়ে যান।

এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে এলে তিনি ঘটনাটি আমলে নিয়ে অভিযোগ আকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।

অভিযুক্ত অ্যাডভোকেট বাবর ব্যাপারী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে আদালতের অভ্যন্তরে আইনজীবীকে মারধরের বিষয়টির গুরুত্ব বিবেচনা করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদেশে তিনি ঘটনাটির বিস্তারিত বিশ্লেষণ, সম্ভাব্য জখমের পর্যালোচনা এবং দায়ী ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহকে নির্দেশ প্রদান করেন।

আইনাঙ্গনে এই ঘটনাকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here