আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের

0
আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের

২৮ বছর পর বিশ্বকাপে খেলতে এসে শুরুটা দুর্দান্ত করেছিল নরওয়ে। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে জয় তুলে নেওয়ার পর সবশেষ ফ্রান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে তারা। নকআউট পর্বের শেষ ৩২-এর লড়াইয়ে আজ কোন পরিক্ষা-নিরিক্ষার সুযোগ নেই নরওয়েজিয়ানদের।

জিতলে শেষ ষোলো হারলে বিদায় এমন সমীকরণে আজ নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট। ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায়।

১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে এসেই নিজেদের ইতিহাসের সেরা সাফল্য ছুঁতে মরিয়া নরওয়ে। বিশ্বমঞ্চে এর আগে একবার শেষ ষোলোতে খেলেছিল তারা। আর্লিং হলান্ডের হাত ধরে এবার আরও বড় স্বপ্ন দেখছে নরওয়ে।

গ্রুপ ‘আই’ এর রানার্সআপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে নরওয়ে। প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-১ গোলে জয়, পরের ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় পায় তারা। সবশেষ ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে নরওয়ে।

তাদের আটকে দেওয়ার জন্য তৈরি আইভরি কোস্ট। ২০০৬ থেকে ২০১৪ সালের বিশ্বকাপগুলোতে টানা গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর, এবারই প্রথম নকআউটের স্বাদ পেয়েছে তারা। পুরো গ্রুপ পর্বে তারা মাত্র ৩ মিনিট ২৯ সেকেন্ডের জন্য পিছিয়ে ছিল—তাও শক্তিশালী জার্মানির বিপক্ষে ম্যাচের শেষদিকের গোল খেয়ে। গ্রুপ ‘ই’ তে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়, দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হার। গ্রুপপর্বের সবশেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে আইভরি কোস্ট।

এবারের বিশ্বকাপে রেকর্ড ৯টি আফ্রিকান দেশ শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। আইভরি কোস্টের লক্ষ্য আফ্রিকার এই অবিশ্বাস্য দৌড়কে আরও সামনে এগিয়ে নেওয়া।

তবে কাগজ-কলমে নরওয়েই ফেভারিট। ফিফা র‍্যাঙ্কিংয়ে আইভরি কোস্টের চেয়ে এগিয়ে নরওয়ে। লাইভ র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে অবস্থান করার বিপরীতে আইভরি কোস্টের অবস্থান ৩১ নম্বরে।নরওয়ের ত্রাস আর্লিং হলান্ড প্রথম ২ ম্যাচে ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অন্যতম ফেভারিট। অধিনায়ক মার্টিন ওডেগার্ডও ২টি অ্যাসিস্ট করে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আইভরি কোস্টের প্রধান কাজই হবে ডি-বক্সের ভেতর হলান্ডকে বোতলবন্দি করা।আইভরি কোস্টের পক্ষে সর্বোচ্চ ২টি গোল করেছেন নিকোলাস পেপে। 

এছাড়া আমাদ দিওলো ও  ফ্রাঙ্ক কেসিয়ে ১টি করে গোল করে দলের আক্রমণভাগের শক্তির প্রমাণ দিয়েছেন। বিশ্বকাপে আইভরি কোস্টের মূল চালিকাশক্তি হয়ে উঠেছেন ১৯ বছর বয়স ইয়ান দিওমান্দে। জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে ফরাসি জায়ান্ট পিএসজিতে যাওয়ার গুঞ্জনে থাকা এই তরুণ মাঝমাঠ থেকে একাই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে চুরমার করছেন।

আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে বলেন, ‘আমাদের শক্তির মূল জায়গা হলো, দলের যেকোনো খেলোয়াড় গোল করতে পারে। এটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য দারুণ কার্যকর। বেঞ্চ থেকে আসা খেলোয়াড়রাও ম্যাচে বড় ভূমিকা রাখতে পারছে।‘

আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে সমিহ করছেন ফায়ে, ‘ওরা খুবই গোছানো দল, ব্যক্তিগতভাবে সবাই দারুণ এবং সুযোগ পেলেই গোল করতে পারে। তবে আমাদেরও শারীরিক শক্তি আছে। আমরা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।’

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলা শেষ ৫ বিশ্বকাপ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে আইভরি কোস্ট। অন্যদিকে, আফ্রিকান দেশগুলোর বিপক্ষে ১৯ ম্যাচের মাত্র ২টিতে হেরেছে নরওয়ে (৯ জয়, ৮ ড্র)।

সবশেষ ফ্রান্সের বিপক্ষে ম্যাচে বেঞ্চের শক্তি পরিক্ষা করতে বড় রদবদল করেন নরওয়ের কোচ স্তল সুলবাকেন। আজ বাঁচা মরার লড়াইয়ে হলান্ডসহ গুরুত্বপূর্ণ সব ফুটবলার ফিরবেন এই ম্যাচে।

ম্যাচের আগে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেন, ‘আমাদের ওদের শারীরিক শক্তির সঙ্গে টেক্কা দিতে হবে। কারণ ওরা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হবে, যে দল একটু ভাগ্যের সহায়তা পাবে তারাই জিতবে।’

এই ম্যাচের বিজয়ী দল শেষ ১৬-এর লড়াইয়ে মুখোমুখি হবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সোমবার রাতে জাপানকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।

সম্ভাব্য একাদশ: 

নরওয়ে: অরিয়ান হাস্কিয়োল্ড নাইল্যান্ড (গোলকিপার); মার্কুস হোমগ্রেন পেদারসেন, ক্রিস্টোফার ভাসবাক আয়ের, তোরবিয়র্ন হেগগেম, ডেভিড মোলার উলফ; মার্টিন ওডেগার্ড, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরেস্নেস; আলেকসান্ডার সরলথ, আর্লিং হলান্ড, আন্তোনিও নুসা।

আইভরি কোস্ট: ইয়াহিয়া ফোফানা (গোলকিপার); গ্যুয়েলা দোয়ে, ওডিলন কসুনু, ওসমান দিওমান্দে, ঘিসলাঁ কোনান; ইব্রাহিম সাঙ্গারে; আমাদ দিওলো, ফ্রাঙ্ক কেসিয়ে, ক্রিস্ট ইনাওয়া ওলাই, ইয়ান দিওমান্দে; নিকোলাস পেপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here