মেট্রোরেল ও ট্রেনে যাতায়াতে এবার বড় স্বস্তি পেলেন নির্দিষ্ট শ্রেণির যাত্রীরা। আজ থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্তে ভাড়ায় ছাড়ের পাশাপাশি কিছু ক্ষেত্রে মেট্রোরেলে বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগও থাকছে।
রেলপথ মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত পরিপত্র জারি করে বাংলাদেশ রেলওয়েকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রোরেল যাত্রীদের জন্য পৃথক সুবিধার ঘোষণা দিয়েছে।
পরিপত্র অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। একই সুবিধা পাবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সুবর্ণ কার্ডধারী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।
মেট্রোরেলেও একই হারে ছাড় দেওয়া হচ্ছে। একক যাত্রা টিকিট সংগ্রহ করে এই সুবিধা নিতে হবে এবং স্টেশনের নির্দিষ্ট কাউন্টার থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে।
এছাড়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে বিনা ভাড়ায় মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।
সাধারণ যাত্রীদের জন্যও থাকছে বাড়তি সুবিধা। এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করলে প্রতি যাত্রায় ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
শিশুদের ক্ষেত্রে ৯০ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতার শিশু অভিভাবকের সঙ্গে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবে।
রেল খাতে আরও কিছু সুবিধার কথাও জানানো হয়েছে। আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে। পাশাপাশি কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে ২৫ শতাংশ ছাড় চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এই বিশেষ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

