‘নার্সদের ক্ষমতায়ন বাঁচায় জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আজগর আলী হাসপাতালে গত ১০ মে থেকে ১২ মে পর্যন্ত অত্যন্ত উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ ২০২৬’।
জীবন রক্ষায় নার্সদের অপরিসীম অবদানকে সম্মান জানাতে এবং স্বাস্থ্যসেবায় তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালটির নার্সিং টিম বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করে। তিন দিনব্যাপী এই আয়োজনে ছিল বিতর্ক প্রতিযোগিতা, সচেতনতামূলক ‘রুম অব হরর’, র্যালি এবং স্বাস্থ্যসেবায় নার্সদের ক্ষমতায়নবিষয়ক বিশেষ আলোচনা সভা। এ ছাড়াও আয়োজনের শেষ দিনে নার্সদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের সিইও এবং ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস প্রফেসর ডা. জাবরুল এসএম হক নার্সিং টিমকে তাদের নিরলস সেবার জন্য আন্তরিক অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব অপারেশনস মোরশেদ আহমেদ চৌধুরী, ফজলুর রহমান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল জান্নাতুল ফেরদৌস এবং নার্সিং বিভাগের জেনারেল ম্যানেজার সেলিনা আক্তার।
বক্তারা তাদের বক্তব্যে আধুনিক চিকিৎসাব্যবস্থায় নার্সদের নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং রোগীদের সেবায় তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে হাসপাতালের কনসালটেন্ট, ম্যানেজমেন্ট প্রতিনিধি ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নার্সদের এই উদযাপনে সংহতি প্রকাশ করেন।

