২০২৬ সালের আইপিএলে এখনও পর্যন্ত মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আজ সোমবার চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ঘিরে আবারও শুরু হয়েছে ধোনিকে নিয়ে জোর জল্পনা। চিপকের ঘরের মাঠে চেন্নাইয়ের শেষ লিগ ম্যাচের আগে এখন সবচেয়ে বড় প্রশ্ন- ধোনিকে কি অবশেষে মাঠে দেখা যাবে?
এর উত্তর মিলবে টসের সময়। তবে গত কয়েক দিনে পরিস্থিতি অনেকটাই বদলেছে। মৌসুম শুরুর আগে ধোনির কাফ মাসলে চোটের খবর সামনে আসে। পরে তাঁর দৌড়নো এবং শরীরের নড়াচড়া নিয়েও উদ্বেগ বাড়ে। এর মধ্যেই অনুশীলন ম্যাচে আবার চোটের সমস্যা দেখা দেওয়ায় তাঁর প্রত্যাবর্তন আরও পিছিয়ে যায়। কিন্তু সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের একটি মন্তব্য নতুন করে ধোনিকে ঘিরে আশার আলো দেখিয়েছে।
মৌসুমের শুরুতে চেন্নাই সুপার কিংস জানিয়েছিল, কাফ মাসলের চোটের কারণে ধোনি পুনর্বাসনের মধ্যে রয়েছেন। প্রথমে মনে করা হয়েছিল, আইপিএলের প্রথম দুই সপ্তাহ তিনি খেলতে পারবেন না। কিন্তু সেই অপেক্ষা দীর্ঘ হতে থাকে। এখনও পর্যন্ত এই মরশুমে একটি ম্যাচেও মাঠে নামেননি তিনি।
শুধু ব্যাটিং নয়, ধোনির দৌড়ানো নিয়েও চিন্তা ছিল দলের। পরে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানান, ধোনি ব্যাটিং ভালোই করছেন, কিন্তু ম্যাচের পরিস্থিতিতে দ্রুত দৌড়নোর আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে পাননি। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান নেওয়া, গতি বাড়ানো এবং উইকেটকিপিং, সব কিছু মিলিয়ে ফিটনেসই ছিল সবচেয়ে বড় বাধা।
চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং পরে জানান, ধোনিকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল। কিন্তু একটি অনুশীলন ম্যাচে ফের তাঁর কাফ মাসলে সমস্যা দেখা দেয়। সেই কারণেই ঝুঁকি নিতে চায়নি দল।
ফ্লেমিংয়ের মতে, কাফ মাসলের চোট অত্যন্ত স্পর্শকাতর। তাড়াহুড়ো করে মাঠে নামালে দীর্ঘ সময়ের জন্য তাঁকে হারানোর আশঙ্কা ছিল। তাই ধোনির শরীর পুরোপুরি ম্যাচের চাপ নেওয়ার মতো অবস্থায় না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় চেন্নাই।
নতুন করে ধোনিকে নিয়ে আলোচনা শুরু হয় রবিচন্দ্রন অশ্বিনের মন্তব্যের পর। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ধোনির খেলার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তাঁর দাবি, গত কয়েক ম্যাচ ধরেই ধোনি মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন।
অশ্বিনের এই মন্তব্যের পর সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। কারণ এতে বোঝা যাচ্ছে, ধোনির না খেলার সিদ্ধান্ত শুধুই ফিটনেসের কারণে নয়, বরং ঝুঁকি ও দলের পরিকল্পনার সঙ্গেও জড়িত।
২০২১ সালে আইপিএল জয়ের পর চেন্নাইয়ে উদ্যাপনের সময় ধোনি বলেছিলেন, তিনি চান তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ চেন্নাইয়েই হোক। সেই মন্তব্যই আবার নতুন করে সামনে এসেছে।

