আচরণবিধি ভঙ্গে শাস্তি পেলেন সালমান আগা

0
আচরণবিধি ভঙ্গে শাস্তি পেলেন সালমান আগা

সিলেট টেস্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আচরণবিধি ভঙ্গের দায়ে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আলি আগাকে। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

আইসিসির আচরণবিধির লেভেল ১-এর ২.২ ধারা লঙ্ঘনের দায়ে সালমানকে দোষী সাব্যস্ত করা হয়। এই ধারায় ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের সরঞ্জাম অপব্যবহারের বিষয়টি উল্লেখ রয়েছে।

ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ দিনে, পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে। বড় রান তাড়ায় মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন সালমান। তবে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরার পথে ব্যাট দিয়ে সীমানার পাশে থাকা বিজ্ঞাপন বোর্ডে আঘাত করেন তিনি, যা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে।

পরে নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রো’র দেওয়া শাস্তি মেনে নেন সালমান। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ, ফলে মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে। এর আগেও বাংলাদেশের বিপক্ষে চলতি বছরের ১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here