কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়মে বড় পরিবর্তন এসেছে। নতুন আইনের ফলে এখন আগের চেয়ে সহজ হয়েছে নাগরিকত্ব পাওয়ার সুযোগ, বিশেষ করে বংশসূত্রে যোগ্য ব্যক্তিদের জন্য খুলে গেছে নতুন দরজা।
নতুন আইনের আওতায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের আগে কানাডার বাইরে জন্ম নেওয়া যে কেউ যদি প্রমাণ করতে পারেন তিনি কানাডীয় বংশোদ্ভূত, তবে তিনি নাগরিকত্বের জন্য যোগ্য হবেন। আগে এই সুবিধা কেবল প্রথম প্রজন্মের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ যাদের বাবা অথবা মা সরাসরি কানাডার নাগরিক।
এই পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রে বসবাসকারী কানাডীয় বংশোদ্ভূতদের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র খোঁজার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কুইবেকের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভসের এক সংরক্ষণবিদ জানিয়েছেন, গত মাসে এই চাহিদা অনেক বেড়েছে। কানাডার অভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক ওয়েবসাইট অনুযায়ী, নাগরিকত্ব সনদ পেতে বর্তমানে প্রায় ১০ মাস সময় লাগছে।
বিশ্লেষকদের মতে, অনেকেই নিজেদের শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের আগ্রহ থেকে আবেদন করছেন। আবার ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ভিন্ন রাজনৈতিক পরিবেশের খোঁজেও অনেকেই কানাডার দিকে ঝুঁকছেন।
অটোয়াভিত্তিক নিবন্ধিত অভিবাসন পরামর্শক ক্যাসান্ড্রা ফুল্টজ বলেন, ২০২৪ সালের নভেম্বর থেকে কানাডায় যাওয়ার আগ্রহ ধারাবাহিকভাবে বেড়েছে, যা নজিরবিহীন। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনের পরই সাধারণত এমন আগ্রহ দেখা যায়, তবে এবার তা দীর্ঘ সময় ধরে অব্যাহত রয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ৩৪ হাজার ৭০০ মার্কিন নাগরিক কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ৩০০ জনে। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার জন স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন।
কানাডার বাইরে বসবাসকারী কানাডীয় নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাস করেন যুক্তরাষ্ট্রে। যেসব ব্যক্তি বাবা মা এর মাধ্যমে কানাডীয় নাগরিক হয়েছেন, তাদের প্রায় এক তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন।
আইন পরিবর্তনের পর এখন আরও বেশি মার্কিন নাগরিক তাদের কানাডীয় বংশপরিচয় প্রমাণের চেষ্টা করছেন। কুইবেকের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভসের কর্মকর্তা সারা হানাহেম জানান, ২০২৫ সালের জানুয়ারিতে যেখানে ৩২টি আবেদন এসেছিল, ২০২৬ সালের জানুয়ারিতে তা বেড়ে এক হাজার ছাড়িয়েছে।
তবে ১৫ ডিসেম্বর ২০২৫ সালের পর জন্ম নেওয়া কানাডীয় বংশোদ্ভূতরাও নাগরিকত্ব পেতে পারবেন, যদি তাদের জন্মের আগে তাদের বাবা অথবা মা কানাডার নাগরিক হন অথবা অন্তত ১০৯৫ দিন কানাডায় অবস্থান করে থাকেন। ২০২৩ সালে অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিস প্রথম প্রজন্মভিত্তিক নাগরিকত্বের নিয়মকে অসাংবিধানিক ঘোষণা করার পর এই নতুন আইন কার্যকর করা হয়।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

