রাউফুর রহমান পরাগ : আজ বৃহস্পতিবার (১৩ ই নভেম্বর) নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত লকডাউনে নাশকতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সাভারে যুবদল নেতা শাওন সরকারের উদ্যোগে মটর শোভাযাত্রাসহ মানুষের জানমাল রক্ষার্থে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় যুবদলের নেতাকর্মীরা আমিনবাজার থেকে শুরু করে নবীনগর পর্যন্ত সড়কে মটর শোভাযাত্রা করে এবং বিভিন্ন এলাকা ঘুরে তেঁতুলঝোড়া এলাকার লালন সিএনজি স্টেশনে এসে শেষ হয়। এ সময় যুবদল নেতা শাওন সরকার বলেন, আমরা সকাল থেকে মহাসড়কে ঘুরে ঘুরে বিভিন্ন স্থান পরিদর্শন করেছি এবং কোথাও কোন নাশকতা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছি। আমরা যে কোন নাশকতা প্রতিরোধ করতে প্রস্তুত আছি এবং কোন নাশকতা সৃষ্টিকারীকে পাওয়া মাত্র আইনের হাতে তুলে দিতে প্রস্তুত। এই কর্মসূচিতে কয়েক হাজার যুবদলের নেতাকর্মী অংশ নেয় বলে জানা গেছে।

