আইসিসিবিতে চার দিনব্যাপী সিরামিক এক্সপো

0
আইসিসিবিতে চার দিনব্যাপী সিরামিক এক্সপো

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫। চার দিনব্যাপী এশিয়ার অন্যতম এ আন্তর্জাতিক সিরামিক মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।

চতুর্থ বারের মতো এ আয়োজনে সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির ওপর বিশ্বমানের এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠানসহ ৩০০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। এছাড়া মেলায় অংশ নেবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ারস। এক্সপোতে থাকছে ৩টি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং, রাফেল ড্র, আকর্ষণীয় গিফট, লাইভ ডেমনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচনের সুযোগ।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম। এছাড়াও মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর আইসিসিবিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া আগামী ২৯ নভেম্বর মেলার একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, দেশে ইতোমধ্যেই সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার-এর ৭০টিরও অধিক শিল্প-কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় বাজারে বিক্রয়ের পরিমাণ বার্ষিক প্রায় ৮ হাজার কোটি টাকা।

ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন বলেন, উন্নত গুণগতমান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে।

চার দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সকলের জন্য বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মেলার প্রিন্সিপাল স্পন্সর হিসেবে রয়েছে শেলটেক সিরামিকস, প্লাটিনাম স্পন্সরস হিসেবে থাকছে ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক। এছাড়াও গোল্ড স্পন্সরস হিসেবে থাকছে মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি এবং সাকমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here