ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি মৌসুমে একের পর এক ২০০-এর বেশি রানের ম্যাচ এবং রেকর্ড রান তাড়া করার প্রবণতা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। তার মতে, আইপিএল এখন ক্রিকেট উন্নয়নের চেয়ে বেশি একটি ব্যবসা ও বিনোদননির্ভর প্রতিযোগিতায় পরিণত হয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদের স্পিন বোলিং কোচ মুরালিধরন বলেন, দর্শকদের চাহিদা অনুযায়ী এখন টুর্নামেন্টে বেশি রান ও আক্রমণাত্মক ক্রিকেটই লক্ষ্য। ফলে বোলারদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে।
সম্প্রতি একাধিক ম্যাচে বড় রানের পরও জয়-পরাজয়ের চিত্র দেখা গেছে। গত বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের করা ২৪৪ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই তাড়া করে জেতে হায়দরাবাদ। এর আগেও রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস ২০০-এর বেশি রান তাড়া করে জয় পায়। এমনকি এক ম্যাচে পাঞ্জাব ২৬৫ রানের লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে।
মুরালিধরনের মতে, পিচের ধরন এবং টুর্নামেন্টের কাঠামোই এই রানবন্যার মূল কারণ। তিনি বলেন, ব্যালান্সড উইকেট দিলে দর্শকদের কাছে খেলা কম আকর্ষণীয় মনে হতে পারে, তাই বেশি রান নিশ্চিত করার দিকেই জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মও উচ্চ স্কোরিং ম্যাচ বাড়িয়ে দিচ্ছে। এই নিয়মের কারণে দলগুলো অতিরিক্ত ব্যাটার ব্যবহার করতে পারছে, ফলে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং সহজ হয়ে যাচ্ছে।
মুরালিধরন বলেন, আইপিএল এখন একটি বড় বাণিজ্যিক পণ্য, যেখানে স্পন্সর ও দর্শকদের আগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতে, খেলা বিরক্তিকর হয়ে গেলে এই আগ্রহ কমে যেতে পারে, তাই বিনোদনমূলক ক্রিকেটকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
চলতি আসরে ৪০ ম্যাচে ইতোমধ্যে ৩১ বার ২০০-এর বেশি রান হয়েছে এবং ৯ বার সেই লক্ষ্য সফলভাবে তাড়া করা হয়েছে।

