আইপিএলের বদলি ক্রিকেটাররা আগামী মৌসুমে খেলতে পারবে

0
আইপিএলের বদলি ক্রিকেটাররা আগামী মৌসুমে খেলতে পারবে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডে চোটের কারণে তিনটি ফ্র্যাঞ্চাইজি সম্মিলিতভাবে চার জন নতুন ক্রিকেটারকে বদলি হিসেবে চুক্তিবদ্ধ করেছে। যদিও তারা কেউই নিজ নিজ দলের শেষ লিগ ম্যাচে খেলেননি।

গ্রুপ পর্বের শেষে তাদের সঙ্গে চুক্তি করা হলেও, টুর্নামেন্টের আগামী আসরকে মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে ফ্র্যাঞ্চাইজগুলো। সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্স কুইন্টন ডি কক এবং রাজ বাওয়ার বদলি হিসেবে মহিপাল লোমরোর এবং রুচিত আহিরকে চুক্তিবদ্ধ করে। অন্যদিকে রাজস্থান রয়্যালস রবি সিংয়ের পরিবর্তে ইমানজ্যোত চাহালকে দলে নেয়।

এরপর কলকাতা নাইট রাইডার্স মাথিশা পাথিরানার বদলি হিসেবে লাভনিথ সিসোদিয়াকে চুক্তিবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে। আইপিএলে চোটে আক্রান্ত বদলির নিয়ম অনুযায়ী, ‘যদি কোনো খেলোয়াড় দ্বাদশ ম্যাচের সময় বা তার আগে আহত হন, তবে আহত খেলোয়াড় এবং তার বদলি খেলোয়াড় উভয়ই পরবর্তী আইপিএল নিলামের আগে দলে থাকার জন্য যোগ্য বলে বিবেচিত হন।

আইপিএলের কর্মকর্তা স্পোর্টস্টারকে নিশ্চিত করেছেন, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ১২তম ম্যাচ শেষ হওয়ার আগেই সমস্ত চোটের বিষয়ে লিগ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। চুক্তিবদ্ধ হওয়া চারজন বদলি খেলোয়াড়ই আগামী মৌসুমে দলে ধরে রাখার যোগ্য থাকবেন।  একই নিয়ম মৌসুমের শুরুতে ঘোষিত আঘাতজনিত বদলি খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।

গত কয়েকটি আসরে দল গঠনের কৌশল নির্ধারণে এই নিয়মটি ভূমিকা রেখেছে। চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫-এর মাঝামাঝি সময়ে গুরজাপনীত সিংয়ের বদলি হিসেবে দেওয়াল্ড ব্রেভিসকে চুক্তিবদ্ধ করেছিল এবং শেষ পর্যন্ত গত নিলামের আগে উভয় খেলোয়াড়কেই ধরে রেখেছিল।

ফ্র্যাঞ্চাইজিগুলো মৌসুমের শেষের দিকে বদলি হিসেবে খেলোয়াড় চুক্তিবদ্ধ করাকে শুধুমাত্র জরুরি বিকল্প হিসেবেই নয়। বরং নিলাম টেবিলে সম্ভাব্য ব্যয়বহুল দর কষাকষির লড়াইয়ে না গিয়ে নিজেদের ধরে রাখার বিকল্পের তালিকা প্রসারিত করার একটি কৌশলগত উপায় হিসেবে ব্যবহার করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here