অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এবার গরুর হাটে কঠোরভাবে চাঁদাবাজি দমন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। বিদেশেও এমনটা হয় না। তবে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর কি না, সেটিই গুরুত্বপূর্ণ বিষয়।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশংসা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দুই সিটি কর্পোরেশন খুব ভালোভাবে কাজ করেছে। বিকালের মধ্যেই বিভিন্ন পাড়া-মহল্লা ও সড়ক থেকে কোরবানির বর্জ্য সরিয়ে নেওয়া হয়েছে। অতীতে এমন দৃশ্য দেখা যায়নি। এর মাধ্যমে বোঝা যায়, সরকার বিষয়গুলো দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
রিজভী বলেন, রামিসাকে নির্যাতনের পর হত্যার ঘটনাও সবাই জানেন। প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালতও দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে।
বিরোধী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকার কোথাও ভুল করলে তা তুলে ধরা যেতে পারে। তবে চক্রান্ত, ষড়যন্ত্র বা উসকানিমূলক ইঙ্গিত দেশের মানুষ ভালোভাবে নেয় না এবং ভবিষ্যতেও নেবে না। এ সময় তিনি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।
এদিকে, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার সকাল ১১টায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলে জানান রিজভী। তিনি বলেন, এতে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় দলটির পক্ষ থেকে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে।

