তরুণদের ক্রীড়াচর্চা, সুস্থ বিনোদন ও আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতির আবহে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘আইড্যাব ফুটসাল ফেস্ট’। প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর এই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)। রানার্সআপ হয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. একেএম অলি উল্যা।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হ্যারিংটনের ব্যবস্থাপনা পরিচালক শরফুদ্দিন ইকবাল, আইড্যাবের সাবেক সভাপতি শফিউল ইসলাম বাবু, হ্যারিংটনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাসমা কাজী এবং ক্রিয়েটিভ ডিরেক্টর একেএম নুরুল হক সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(আইড্যাব) প্রেসিডেন্ট সৈয়দ কামরুল আহসান এবং সঞ্চালনা করেন নিয়াজুর রহমান।
প্রতিযোগিতায় অংশ নেয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটি, এ ইউ এসটি টাইটানস ও এওএসটি ফ্যালকন (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দল।

