আইএল টি-টোয়েন্টির সবচেয়ে দামি ক্রিকেটার ফ্লেচার

0
আইএল টি-টোয়েন্টির সবচেয়ে দামি ক্রিকেটার ফ্লেচার

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) প্রথম নিলাম অনুষ্ঠিত হলো এবার, যেখানে নানান চমকে ভরা ছিল এই আয়োজন। এর আগে তিনটি আসর হলেও খেলোয়াড়দের দলভুক্ত করা হতো কেবল সরাসরি চুক্তির মাধ্যমে। এবার প্রথমবারের মতো আয়োজিত নিলামে সবচেয়ে বড় চমক হয়ে আসেন আন্দ্রে ফ্লেচার।

৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্যারিবিয়ান কিপার-ব্যাটার নিলামে হয়েছেন সবচেয়ে দামি খেলোয়াড়। ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ফ্লেচারকে ২ লাখ ৬০ হাজার ডলারে দলে নিয়েছে এমআই এমিরেটস। আগের তিন আসরেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন তিনি। এবারের আসরেও থাকছেন বাংলাদেশের সাকিব আল হাসান, যাকে ভিত্তিমূল্য ৪০ হাজার ডলারে কিনেছে একই দল।

তবে ফ্লেচারের দামের চেয়েও বড় চমক বলা হচ্ছে ইংলিশ পেসার স্কট কুরিকে। দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলা এই তরুণ পেসারের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ডলার, অথচ তাকে ২ লাখ ৫০ হাজার ডলারে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। চলতি বছর ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ২৪ বছর বয়সী কুরি। দুবাই ক্যাপিটালসে তিনি সতীর্থ হিসেবে পাবেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে, তাকে নিলামের আগেই দলে নিয়েছে দলটি।

এবারের নিলামে কাড়াকাড়ি পড়ে যায় সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিকিকে নিয়ে। ১০ হাজার ডলার ভিত্তিমূল্যের এই পেসারকে ১ লাখ ৭০ হাজার ডলারে কিনে নেয় গালফ জায়ান্টস। তবে ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে শেষ পর্যন্ত তাকে ধরে রাখে শারজাহ ওয়ারিয়র্জ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমিরাতের হয়ে সর্বোচ্চ ১১১ উইকেট শিকারি জুনাইদ সাম্প্রতিক এশিয়া কাপেও ছিলেন দুর্দান্ত, পাকিস্তান ও ওমানের বিপক্ষে চারটি করে উইকেট নেন।

আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি হবে এবারের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি বা আইএল টি-টোয়েন্টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here